Cvoice24.com

স্বামীর আলিঙ্গনেই ভাঙল স্ত্রীর ৫ পাঁজর, চিকিৎসায় যা ধরা পড়ল 

আন্তর্জাতিক ডেস্ক
১৮:৩৯, ২৪ অক্টোবর ২০২৬
স্বামীর আলিঙ্গনেই ভাঙল স্ত্রীর ৫ পাঁজর, চিকিৎসায় যা ধরা পড়ল 

ভালোবাসার মানুষের একটি আলিঙ্গন সাধারণত স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি দেয়। কিন্তু চীনের এক দম্পতির ক্ষেত্রে সেই সাধারণ আলিঙ্গনই হয়ে উঠেছে ভয়াবহ অভিজ্ঞতা। স্ত্রীকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেছিলেন স্বামী। অথচ সেই আলিঙ্গনের চাপেই স্ত্রীর পাঁচটি পাঁজর ভেঙে যায়, আরেকটিতে দেখা দেয় চিড়। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ওই নারীর গুরুতর অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগ ধরা পড়ে।

চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে জানা যায়, শীত লাগার কথা জানানোর পর স্ত্রীকে জড়িয়ে ধরেন ওয়াং পদবির ওই ব্যক্তি। এ সময় হঠাৎ হাড় ভাঙার মতো শব্দ শুনতে পান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তীব্র ব্যথায় কাতর হয়ে মাটিতে বসে পড়ছেন ওই নারী।

ওয়াংয়ের দাবি, স্ত্রীকে আলিঙ্গনের সময় তিনি কোনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করেননি। স্বাভাবিকভাবেই জড়িয়ে ধরেছিলেন। কিন্তু সামান্য এই ঘটনায় এত গুরুতর চোট লাগতে পারে, তা তাদের ধারণার বাইরে ছিল। ফলে সারা রাত ব্যথা সহ্য করার পর পরদিন সকালে হাসপাতালে যান তারা।

হাসপাতালে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা নিশ্চিত হন, ওই নারীর পাঁচটি পাঁজর ভেঙে গেছে এবং ষষ্ঠ পাঁজরে সূক্ষ্ম চিড় ধরেছে।

ওয়াং জানান, তার স্ত্রীর ওজন প্রায় ৪৫ থেকে ৫০ কেজি। তিনি দীর্ঘদিন ধরে অতিরিক্ত ডায়েট করতেন এবং প্রায়ই রাতের খাবার বাদ দিতেন। পাশাপাশি সূর্যের আলোতেও খুব কম সময় কাটাতেন। বাড়ি থেকে মাত্র দুই-তিন মিনিটের দূরত্বে তাদের পারিবারিক দোকান হওয়ায় দিনের বেশির ভাগ সময় সেখানেই কাটত তার।

চিকিৎসকদের মতে, অস্টিওপোরোসিসে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাত বা স্বাভাবিক চাপেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে।

উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ইয়ান ইয়ানসিয়াং বলেন, তরুণ বয়সে শুধু আলিঙ্গনের চাপে পাঁজর ভেঙে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনের সঙ্গে হাড়ের অস্বাভাবিক দুর্বলতার সম্পর্ক থাকতে পারে।

তিনি আরও জানান, পাঁজর ভাঙার কারণে ফুসফুস বা ফুসফুসের আবরণে জটিলতা দেখা না দিলে সাধারণত অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। ওই নারীকে তাই অস্ত্রোপচারের পরিবর্তে ওষুধ, বিশেষ প্যাচ ও পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়, হাড়ের স্বাস্থ্যকে অবহেলা করা উচিত নয়। বিশেষ করে দীর্ঘদিন অপর্যাপ্ত খাবার গ্রহণ, অতিরিক্ত ডায়েট এবং সূর্যালোকের অভাব শরীরের সামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তবে অস্টিওপোরোসিসের প্রকৃত কারণ নির্ধারণে চিকিৎসকের মূল্যায়ন ও প্রয়োজনীয় পরীক্ষা জরুরি।