Cvoice24.com

উখিয়ায় দুর্যোগে বিকল্প যোগাযোগব্যবস্থা যাচাইয়ে মহড়া 

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:০৪, ২৫ আগস্ট ২০২৬
উখিয়ায় দুর্যোগে বিকল্প যোগাযোগব্যবস্থা যাচাইয়ে মহড়া 

ভূমিকম্প, ভূমিধসসহ বড় ধরনের দুর্যোগে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়লে বিকল্প উপায়ে যোগাযোগ চালু রাখার সক্ষমতা যাচাই করতে কক্সবাজারের উখিয়ায় যোগাযোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-৮-এর ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) যৌথ উদ্যোগে ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয়। দেশের আটটি বিভাগের আটটি নির্ধারিত স্থানে বিভিন্ন কাল্পনিক দুর্যোগ পরিস্থিতি ধরে এ মহড়া পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে উখিয়ায়ও মহড়ার আয়োজন করা হয়।

উখিয়া ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, ভূমিকম্প বা ভূমিধসের কারণে মোবাইল নেটওয়ার্কসহ স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হলে বিকল্প ব্যবস্থায় কীভাবে যোগাযোগ করা যায়, মহড়ায় তা পরীক্ষা করা হয়। 

এ সময় ভিএইচএফ ও এইচএফ রেডিও ব্যবহার করে ঢাকায় ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ এবং চট্টগ্রাম সেন্টারের সঙ্গে যোগাযোগ স্থাপনের সক্ষমতা যাচাই করা হয়।

আয়োজকেরা বলেন, বড় ধরনের দুর্যোগের পর দ্রুত উদ্ধারকাজ শুরু করতে ঘটনাস্থলের তথ্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকক্ষে পৌঁছানো জরুরি। পাশাপাশি উদ্ধারকারী দলগুলোর মধ্যে সমন্বয়ও প্রয়োজন। স্বাভাবিক যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেলে বিকল্প বেতার যোগাযোগের মাধ্যমে কীভাবে তথ্য আদান-প্রদান ও সমন্বয় করা যায়, মহড়ায় সেটিই অনুশীলন করা হয়েছে।

উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। এসব শিবিরে বিপুলসংখ্যক মানুষের বসবাস। ভূমিকম্প বা ভূমিধসের মতো দুর্যোগে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়তে পারে। তাই দুর্যোগের আগেই বিকল্প যোগাযোগব্যবস্থার সক্ষমতা যাচাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার জেলার জেলা কর্মকর্তা সৈয়দ মো. মোরশেদ হোসেন, কক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ দোলন আচার্য্য, কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ, এআরএবির সদস্যরা এবং উখিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা উপস্থিত ছিলেন।
 

কক্সবাজার সব খবর