বিলুপ্তির প্রায় দুই বছর পর চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল
সিভয়েস২৪ প্রতিবেদক
বিলুপ্ত চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের পূর্বে বিলুপ্ত কমিটি পুনর্বহাল করা হয়েছে। ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এর আগে, বিভিন্ন কারণে চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে এসব কমিটি আবার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।
দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেনকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে একই বছরের ৪ অক্টোবর কমিটির পরিধি বাড়িয়ে ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
এরপর ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের পাশাপাশি এর আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটিগুলোও বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














