Cvoice24.com

মেরিন ড্রাইভে বাইকের পিছনে কারের ধাক্কা, সাতকানিয়ার যুবক নিহত

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:০৯, ২৫ আগস্ট ২০২৬
মেরিন ড্রাইভে বাইকের পিছনে কারের ধাক্কা, সাতকানিয়ার যুবক নিহত

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মো. জাবেদ (২১) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তানভীর নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া নৌকার ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জাবেদ (২১) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওছিয়া ইউনিয়নের কেরানিহাট এলাকার শামসুল ইসলামের ছেলে। আহত তানভীর বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া থেকে কয়েকজন বন্ধু কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে তারা মোটরসাইকেলে করে টেকনাফের দিকে যাচ্ছিলেন। মাদারবুনিয়া নৌকার ঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির কোনো নম্বরপ্লেট ছিল না। অপরদিকে প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-গ-১৩-৬৪৫০।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা জাবেদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর আরোহী তানভীরও গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকারটি জব্দ করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজার সব খবর