প্রবাসীদের কল্যাণে সরকার নানা পদক্ষেপ নিয়েছে: আবু সুফিয়ান
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ও কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রবাসী কার্ড চালু, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা, দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবু সুফিয়ানের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
আবু সুফিয়ান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা রক্ষায় আইনি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তারা কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার-পরিজনের জীবনমান উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করছেন।
তিনি বলেন, প্রবাসীরা শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, দেশের গণতান্ত্রিক ও সামাজিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা সরকারের অন্যতম দায়িত্ব।
আবু সুফিয়ান আরও বলেন, গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের বাইরে থেকেও তারা গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ছিলেন। বিভিন্ন দেশে জনমত গঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণেও তাদের ভূমিকা ছিল।
তিনি বলেন, দেশে-বিদেশে জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলেই আজ একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণেও প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক সিটি বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী খায়রুল বাশার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি ও জিয়া পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি শামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দুল হক, ফিরোজ আহমদ, সিপিএ সরোয়ার জামান চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি তারিক চৌধুরী দিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্যসচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আজমীর।
এ ছাড়া চন্দনাইশ থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী তিতাস, এমলাক হোসেন ফয়সল, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ রহমান, আনোয়ারা কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট আবু তাহের, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম অরিকসহ অনেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা আবুল কালাম আজাদ। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
রাজনীতি সব খবর















