রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. সোহেল হোসেন (৩০)। তিনি রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোমরা গোচরাবাজার এলাকা থেকে মোটরসাইকেলসহ সোহেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিকেলে পাহাড়তলী-চুয়েট বিটের পুলিশ চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করা হয়। এ সময় চালক পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে পোমরা গোচরাবাজার এলাকায় মোটরসাইকেলটির গতিরোধ করে সোহেল হোসেনকে গ্রেপ্তার করে।
সোহেল হোসেন রাঙ্গুনিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘাটচেক এলাকার মো. হারুনের ছেলে।
পুলিশ আরও জানায়, ২০১৭ সালের ১৭ জুন রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় সোহেল হোসেনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় করা মামলায় তিনি আসামি। এ ছাড়া এলাকায় সহিংসতা, নাশকতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, সোহেল হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
ওসি আরও বলেন, সোহেল হোসেনের বিরুদ্ধে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
রাজনীতি সব খবর















