Cvoice24.com

বন্দরে পড়ে থাকা ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:৪২, ২৫ আগস্ট ২০২৬
বন্দরে পড়ে থাকা ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ১২৬টি কনটেইনারে থাকা ৩ হাজার ২৬৮ মেট্রিক টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংসের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনে নির্ধারিত স্থানে এসব পণ্য ধ্বংসের কার্যক্রম শুরু হয়েছে এবং চলছে নিরবচ্ছিন্নভাবে ।

কাস্টসম সূত্র জানায়,  ধ্বংসের জন্য নির্ধারিত পণ্যের মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ ও ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইমস্টোন। এ ছাড়া কমলা, পেঁয়াজ, কাজুবাদামসহ বিভিন্ন পচনশীল ও নষ্ট পণ্যও রয়েছে। 

ধ্বংস কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় বন্দর থানা-পুলিশের একটি দল উপস্থিত রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে, দীর্ঘদিন বন্দরে পড়ে থাকা পচনশীল ও ক্ষতিকর পণ্য ধ্বংস করা হলে কনটেইনার জট কমবে। একই সঙ্গে বন্দরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে।

এনবিআর জানিয়েছে, বন্দর এলাকায় পড়ে থাকা নিলাম-অযোগ্য ও ধ্বংসযোগ্য পণ্যগুলো পর্যায়ক্রমে ধ্বংস করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় এ কার্যক্রম জরুরি ভিত্তিতে অব্যাহত থাকবে।


 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর