Cvoice24.com

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনকারীদের হুঁশিয়ারি এমপি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি
১৭:৫১, ২৫ আগস্ট ২০২৬
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনকারীদের হুঁশিয়ারি এমপি সরোয়ার আলমগীরের

মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, এ সংসদীয় এলাকায়  এসব কাজে জড়িত কোন অপরাধীদের ছাড় দেওয়া হবে না। অপরাধের সাথে যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সবার মনে রাখা উচিত বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। 

তিনি মঙ্গলবার (২৫ আগস্ট ) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে ফটিকছড়ি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন- ফটিকছড়ির কোন পয়েন্ট হতে অবৈধভাবে বালু উত্তোলন করা যাবেনা । সন্ত্রাস, মাদক কারবারির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন । এ সময় তিনি সংসদীয় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সরোয়ার আলমগীর বলেন, এ ফটিকছড়িতে আরও তিনটি থানা স্থাপনের পরিকল্পনার নিয়ে কাজ করছি। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সমৃদ্ধি ফটিকছড়ি বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহমত উল্লাহ, ফটিকছড়ি থানা ওসি রবিউল আলম খান, ভুজপুর থানা ওসি বিপুল চন্দ্র দে, নাজিরহাট হাইওয়ে থানার এস আই মো. আজিজ, চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, ভুজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিফন, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম, প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না। 

উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, পাইন্দং ইউপি চেয়ারম্যান একে এম সরোয়ার হোসেন স্বপন, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোহেব আল সালেহীনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর