শ্রমিক ফেডারেশনের নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ২০
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) নগরের হালিশহর থানার ঈদগাঁ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর নির্বাচন স্থগিত করা হয়।
পরিবহন শ্রমিকদের সূত্র জানায়, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছিল। বেলা আড়াইটার দিকে সাধারণ সম্পাদক পদে এক প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শ্রমিকেরা ভোট দিচ্ছিলেন। একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সভাপতি মৃণাল চৌধুরী বলেন, কে কার আগে ভোট দেবেন—এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরে উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা বিকেলে নগরের কদমতলী, অলংকার ও এ কে খান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিকেল পাঁচটা পর্যন্ত অবরোধ চলায় গুরুত্বপূর্ণ এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, ৩ হাজার ৬৬১ জন ভোটারের এ সংগঠনের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। এরপর কয়েক দফা নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














