Cvoice24.com

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
২১:১৩, ২৫ আগস্ট ২০২৬
আসিয়ান কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ থমাস ডুলি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্পে আপাতত থাকছেন না বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহামেদুল ইসলাম। তারা পরে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

প্রাথমিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফরোয়ার্ড সৌরভ দেওয়ান। সদ্য শেষ হওয়া বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।

গোলকিপার হিসেবে দলে রয়েছেন আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। দলে আছেন অভিজ্ঞ অধিনায়ক জামাল ভূঁইয়াও।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ফিফা আসিয়ান কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত নাম প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশকে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। পরে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এস এম মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহীম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।

এদিকে ক্যাম্প ঢাকাতেই করার পরিকল্পনা করেছে বাফুফে। ক্লাবগুলোর অনুশীলন ও নতুন মৌসুমের প্রস্তুতি পুরোপুরি শুরু না হওয়ায় জাতীয় দলের খেলোয়াড়দের সময়মতো পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

আসিয়ান কাপই হতে যাচ্ছে কোচ থমাস ডুলির জন্য গুরুত্বপূর্ণ আরেকটি আন্তর্জাতিক পরীক্ষা। নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।