স্পেনে দুই ক্লাবের মালিক এখন মেসি
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
স্প্যানিশ ফুটবলে এবার আরও বড় পরিসরে যুক্ত হলেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা আনুষ্ঠানিকভাবে নিয়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা।
গত মাসে এলদেনসের মালিকানা নেওয়ার বিষয়ে মেসির প্রাথমিক চুক্তির খবর প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষ জানায়, অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মেসিই এখন ক্লাবটির মালিক।
এক বিবৃতিতে ক্লাব দেপোর্তিভো এলদেনসে বলেছে, লিও মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্য দিয়ে শতবর্ষের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে উল্লেখ করেছে তারা।
ক্লাবটির ভাষ্য, মেসির মতো বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বের মালিক হিসেবে আগমন এলদেনসেকে ঘিরে দীর্ঘমেয়াদি একটি প্রকল্পের সূচনা করেছে। এর লক্ষ্য ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়ন।
বর্তমানে এলদেনসে কলম্বিয়ান বিনিয়োগকারী গ্রুপ গ্রুপো টিএইচ-এর মালিকানাধীন। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও এই গ্রুপের ফুটবল ক্লাব রয়েছে। তবে মেসির কাছে মালিকানা হস্তান্তরের চুক্তিটি কার্যকর হতে এখনো স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রয়োজন।
এলদেনসে নিয়ে মেসির স্প্যানিশ ফুটবলে মালিকানাধীন ক্লাবের সংখ্যা দাঁড়াল দুটি। এর আগে চলতি বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম স্তরের ক্লাব কর্নেয়ার মালিকানা নেন তিনি। তবে এলদেনসে অধিগ্রহণের মধ্য দিয়ে এবারই প্রথম কোনো পেশাদার ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি। কর্নেয়া বর্তমানে আধা-পেশাদার পর্যায়ে খেলছে।
দুই ক্লাবের মধ্যে প্রতিযোগিতামূলক স্তরে তিন ধাপের ব্যবধান থাকায় আপাতত একই মালিকানার কারণে বড় ধরনের জটিলতার সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে দুই দল একই বিভাগে উঠে এলে বিষয়টি নতুন করে আলোচনায় আসতে পারে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, একই শেয়ারহোল্ডারের মালিকানাধীন দুটি দলকে একই বিভাগে খেলতে দেওয়া হয় না।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে স্প্যানিশ ফুটবলের দীর্ঘ ইতিহাসের একটি ক্লাব। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে উঠে আসে তারা। তবে ২০২৫ সালে অবনমিত হয়ে বর্তমানে তৃতীয় স্তরের ফুটবলে খেলছে। এলদা শহরের ৫ হাজার ৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামেই নিজেদের হোম ম্যাচ আয়োজন করে ক্লাবটি।
খেলাধুলা সব খবর















