Cvoice24.com

তিন ফরম্যাট থেকেই বিদায় নিলেন হারমানপ্রীত

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১২:৩২, ৬ অক্টোবর ২০২৬
তিন ফরম্যাট থেকেই বিদায় নিলেন হারমানপ্রীত

ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হারমানপ্রীত কৌর। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নিজের ইনস্টাগ্রাম পোস্টে ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার তার সিদ্ধান্তের কথা জানান।

হারমানপ্রীতের নেতৃত্বে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জেতে ভারতীয় নারী ক্রিকেট দল। অধিনায়ক হিসেবে তার শেষটাও হয়েছে সাফল্যের মধ্য দিয়ে। গত মাসে নিসিনে তার নেতৃত্বে এশিয়ান গেমসে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জেতে ভারত।

ভারতের হয়ে হারমানপ্রীত পাঁচটি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ১৫৫টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ সময় ধরে ভারতীয় নারী ক্রিকেট দলের নেতৃত্বে থাকা এই ক্রিকেটারের বিদায়ের সিদ্ধান্ত আসে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার একদিন পর।

নারী দলের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে আলোচনা করতে গুয়াহাটিতে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বৈঠক করেন হারমানপ্রীত। বৈঠকে তার সঙ্গে ছিলেন দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদার। এর পরদিনই তিন ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

নিজের বিদায় ঘোষণায় হারমানপ্রীত লেখেন, ‘এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন কিছু মুহূর্ত, যা আমার বাকি জীবনজুড়ে থেকে যাবে।’

ভারতীয় নারী ক্রিকেট দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ব্যাটিং, বোলিং ও নেতৃত্ব—তিন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হারমানপ্রীত। তবে তার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ই ভারতীয় ক্রিকেটে তার সবচেয়ে স্মরণীয় অর্জনগুলোর একটি হয়ে থাকবে।