Cvoice24.com

রেললাইনের পার্ক করা টেম্পোর সঙ্গে ট্রেনের ঘর্ষণ, আহত শিশুসহ ২

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:০১, ২৪ আগস্ট ২০২৬
রেললাইনের পার্ক করা টেম্পোর সঙ্গে ট্রেনের ঘর্ষণ, আহত শিশুসহ ২

চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্ক করে রাখা সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রেনটির অন্তত ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌর সদরে থানার নতুন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সোমবার দুপুর পৌনে ১টার দিকে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে। এরপর পৌর সদরের থানার নতুন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন ঘেঁষে পার্ক করে রাখা টেম্পোটির সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণ হয়। এতে টেম্পোটির একাংশ কেটে যায়। একই সময় ট্রেনটির একটি দরজা খুলে পড়ে এবং কয়েকজন যাত্রী আহত হন। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক বলেন, ‘ঘর্ষণের ফলে বিরতিহীন পর্যটক এক্সপ্রেস ট্রেনটির ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ট্রেনে থাকা শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় দায়ী টেম্পোটি (চট্টমেট্রো-ফ ১১-০৪১৬) এবং খুলে পড়া ট্রেনের দরজা হেফাজতে রাখা হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রেলওয়ের পয়েন্টসম্যান রফিকুল ইসলাম বলেন, ‘রেললাইন ঘেঁষে গাড়ি পার্ক করে রাখার কারণে এ এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। টেম্পোর সঙ্গে ঘর্ষণে ট্রেনের বেশ কয়েকটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলে পড়া দরজাটি উদ্ধার করে স্টেশনে রাখা হয়েছে।’