Cvoice24.com

এইচএসসি পরীক্ষার্থী নাফিসাকে চাপা দেওয়া সেই ড্রাইভার গ্রেপ্তার

সিভয়েস প্রতিবেদক
১০:২১, ২৪ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষার্থী নাফিসাকে চাপা দেওয়া সেই ড্রাইভার গ্রেপ্তার

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৯) নিহতের ঘটনায় জড়িত ক্রেনচালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া শামীমকে রোববার (২৩ আগস্ট) রাতে ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৪ আগস্ট) ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, 'এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালকে চাপা দেওয়ার ঘটনায় করা মামলায় রোববার রাতে ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে ক্রেনচালক শামীমকে গ্রেপ্তার করে। তাকে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।'

পুলিশ জানায়, ২২ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে নাফিসা পাঠাও মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষাকেন্দ্র হাজী মোহাম্মদ মহসীন কলেজে যাচ্ছিলেন। এয়ারপোর্ট-সল্টগোলা ক্রসিং সড়কের পশ্চিম লেনে বন্দরটিলা নেভি হাসপাতাল গেটের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ওয়ালটন শোরুমের সামনে একটি প্যাডেলচালিত ভ্যানকে পাশ কাটানোর সময় মোটরসাইকেল থেকে তিনি রাস্তায় পড়ে যান।

এ সময় একই লেনে পেছন থেকে আসা ম্যাক্স কোম্পানির ক্রেনটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে নাফিসাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাফিসার বাবা মামুন বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন।

নাফিসা চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।