শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের ৮ দিন পর মৃত্যু
সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত মো. আলাউদ্দীন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আট দিন চিকিৎসাধীন থাকার পর রোববার (২৩ আগস্ট) ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত আলাউদ্দীন সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে সোনাইছড়ী ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটায় অবস্থিত বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করছিলেন আলাউদ্দীন। এ সময় জাহাজের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত তাঁর হাত থেকে একটি ভারী লোহার বস্তু নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “বারাকা নামের একটি পুরোনো জাহাজে কাজ করার সময় প্রায় এক সপ্তাহ আগে আলাউদ্দীন নামে এক শ্রমিক আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তাঁর মৃত্যু হয়েছে।”
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












