নিজের মাথায় গুলি, হাসপাতালে যুবক
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানা এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেছেন শাহিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। শনিবার (২২ আগস্ট) সকালে হাজীপাড়া এলাকার একটি বাসার ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শাহিদ হোসেনের বাবার নাম মৃত ইকবাল হোসেন এবং মায়ের নাম মমতাজ বেগম। তিনি হাজীপাড়া এলাকার ইমাম হোসেনের বাড়ির বাসিন্দা। তবে কী কারণে শাহিদ হোসেন নিজের মাথায় গুলি করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চমেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. আশেক জানান, ডবলমুরিং থানার ইমাম হোসেনের বাড়ির হাজীপাড়া এলাকার একটি বাসার ড্রয়িংরুমে শাহিদ হোসেন নিজের মাথায় গুলি করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। তার স্ত্রী শারমিন গুরুতর আহত অবস্থায় শাহিদকে হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













