Cvoice24.com

মন্ত্রিসভায় বড় চমক, শপথ নিচ্ছেন নতুন চার মুখ

সিভয়েস২৪ ডেস্ক
১৫:১৮, ২১ আগস্ট ২০২৬
মন্ত্রিসভায় বড় চমক, শপথ নিচ্ছেন নতুন চার মুখ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার সদস্য। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি আরও কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনার কথাও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র।

নতুন চার সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভায় আরও পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য রদবদলের তালিকায় রয়েছে বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

নতুন চার মন্ত্রীর শপথের আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে প্রবেশ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

এর আগে, গত ২৪ জুলাই আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এর ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট পড়ে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ফলাফল ঘোষণা করেন। পরে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি নির্বাচনের ফলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। এরপর প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় এবার আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো।