যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, সবাই নিহত
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি দুর্গম রাডার সাইটের কাছে চার্টার বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা আট আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (২১ আগস্ট) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, সিকিউরিটি এভিয়েশন পরিচালিত সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাঙ্করেজ থেকে উড্ডয়ন করে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে কেপ নিউেনহামের দিকে যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি কেপ নিউেনহাম বিমানবন্দর এলাকায় স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানিয়েছেন, বিমানটিতে দুই পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন।
আলাস্কান কমান্ড জানিয়েছে, বেসামরিক চুক্তির আওতায় পরিচালিত ওই বিমানে সামরিক বাহিনীর আটজন কর্মী ছিলেন। দুর্ঘটনার পর অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এবং কারও বেঁচে না থাকার বিষয়টি নিশ্চিত করে।
তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে খবর পৌঁছানোর পর তাদের নাম প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত করবে। তবে মূল তদন্তের দায়িত্ব পালন করবে এনটিএসবি।
দুর্ঘটনাস্থলের বিমানঘাঁটিটি একটি সামরিক রাডার সাইটে যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। সেখানে কেবল অনুমোদিত বিমান অবতরণ করতে পারে।
প্রায় চার হাজার ফুট দীর্ঘ রানওয়েটি পাহাড়ের ঢালে অবস্থিত। দুর্গম অবস্থান ও রানওয়ের ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে সেখানে অবতরণ তুলনামূলকভাবে জটিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস। তিনি নিহতদের দায়িত্ব পালনকালে প্রাণ হারানোর কথা উল্লেখ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে নিহতদের স্বজনদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দুর্গম এলাকায় দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য উদ্ধারকারী দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।
অন্যদেশ সব খবর















