Cvoice24.com

উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরসার কমান্ডারসহ গ্রেপ্তার ২

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১২:২৭, ২০ আগস্ট ২০২৬
উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরসার কমান্ডারসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) ও তার সহযোগী আব্দুল হাফেজ (২২)।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা ও তার সহযোগী আব্দুল হাফেজ ৬ নম্বর আশ্রয়শিবির এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন আরসার সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার দুজনের মধ্যে মোহাম্মদ আলম ওরফে মুছা উখিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি। তার বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন।

কক্সবাজার সব খবর