Cvoice24.com

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের চেষ্টা, নাফ নদীতে অস্ত্র-গুলি জব্দ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:৩৩, ১৯ আগস্ট ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের চেষ্টা, নাফ নদীতে অস্ত্র-গুলি জব্দ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহের চেষ্টা নস্যাৎ করেছে কোস্ট গার্ড। নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি দুটি আগ্নেয়াস্ত্র, ২৩২ রাউন্ড তাজা ও ফাঁকা গুলি এবং দুটি ম্যাগাজিনসহ একটি কাঠের বোট জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টেকনাফের নাফ নদী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি এসভিডি ড্রাগুনভ রাইফেল ও একটি ৯ মিলিমিটার বিদেশি পিস্তল। এছাড়া ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুটি তাজা ও একটি ফাঁকা পিস্তলের গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে। এ তথ্যের ভিত্তিতে নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। 

তিনি আরও বলেন, অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে বোটটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করলে চক্রের সদস্যরা বোটটি ফেলে পালিয়ে যায়। এরপর বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।