কোয়ালিটি ফুডে ভেজাল মার্জারিন, ৪ লাখ টাকা জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদের সুলতান কলোনিতে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে ‘কোয়ালিটি ফুড প্রোডাক্টস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।
নিরাপদ খাদ্য অফিসার মো. ফারহান ইসলাম জানান, প্রতিষ্ঠানটিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিতভাবে মাখনের বিকল্প হিসেবে ব্যবহৃত মার্জারিন উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া অভিযানে আরও বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী এবং ডবলমুরিং থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
প্রসঙ্গত, মার্জারিন দেখতে অনেকটা মাখনের মতো এবং মাখনের বিকল্প হিসেবে ব্যবহৃত এক ধরনের চর্বিজাতীয় খাদ্যপণ্য। সাধারণত উদ্ভিজ্জ তেল বা বিভিন্ন ধরনের ভেজিটেবল ফ্যাট প্রক্রিয়াজাত করে এটি তৈরি করা হয়। পাউরুটি, কেক, বিস্কুট, পেস্ট্রিসহ বিভিন্ন বেকারি ও খাদ্যপণ্য তৈরিতে মার্জারিন ব্যবহার করা হয়। মাখন সাধারণত দুধের ক্রিম থেকে তৈরি হলেও মার্জারিন মূলত উদ্ভিজ্জ তেল বা ফ্যাট থেকে তৈরি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














