Cvoice24.com

দোহাজারীতে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৩০, ১৯ আগস্ট ২০২৬
দোহাজারীতে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মো. সলিম উদ্দিনকে (৩০) ঘটনার এক ঘণ্টার মধ্যে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরহাবা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত এরশাদ উল্লাহর মেয়ে। তার স্বামী সলিম উদ্দিন একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সলিম উদ্দিন ও নুরহাবা কুতুপালং ক্যাম্প থেকে এসে কোরবানের (ঈদুল আজহা) আগে দোহাজারীর উল্লাপাড়া এলাকায় একটি টিনশেড বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

বুধবার সকালে সলিম মাঠে কাজ করতে যাওয়ার জন্য সরঞ্জাম নিয়ে বের হন। পরে কাজ না হওয়ায় তিনি বাড়িতে ফিরে আসেন। এ সময় বাড়ির পাশের পুকুরপাড়ে স্ত্রী নুরহাবার সঙ্গে তার দেখা হয়। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সলিম হাতে থাকা কোদাল দিয়ে নুরহাবাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

ঘটনার পর চন্দনাইশ থানা ও দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে সলিম উদ্দিনকে আটক করেন। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর