ফটিকছড়িতে ১৬ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকার ধুরুং খাল থেকে অবৈধভাবে পাচারের জন্য মজুত করে রাখা প্রায় ১৬ লাখ টাকা মূল্যের পাহাড়ি কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এসব কাঠ ও বাঁশ জব্দ করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বাইন্যাছড়া আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে ধুরুং খালে ঝটিকা অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।
অভিযানে খালে অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫০টি পাহাড়ি গোলকাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা জানানো হয়নি।
পরে জব্দ করা কাঠ ও বাঁশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম বলেন, ‘পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ও বাঁশ পাচার রোধে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














