Cvoice24.com

অশ্লীল ছবি-ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল, গ্রেপ্তার যুবক

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:৫০, ১৯ আগস্ট ২০২৬
অশ্লীল ছবি-ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল, গ্রেপ্তার যুবক

ভিডিও কলে কথা বলার সময় গোপনে ধারণ করা ভিডিও সম্পাদনা করে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেলের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে কালা মিয়া ওরফে কালাম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র বেলতলা তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ জুন রাত ১২টা ৬ মিনিটের দিকে মতিউর রহমান নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে একটি নম্বর থেকে বিভিন্ন নারীর ছবি পাঠানো হয়। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ ও ইমুতে ভিডিও কলে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করা হয়। এরপর মতিউর রহমানের ছবি সম্পাদনা করে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভিডিও ছড়িয়ে দিয়ে মানহানির ভয় দেখিয়ে বিভিন্ন বিকাশ নম্বরে ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে ৩৩ হাজার টাকা আদায় করা হয়। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ।

পুলিশ আরও জানায়, জব্দ করা মোবাইল ফোনগুলোতে আসামির ব্যবহৃত ছয়টি সিম পাওয়া গেছে। এসব ফোনে থাকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমু অ্যাকাউন্টে মামলার বাদীসহ বিভিন্ন ব্যক্তির অশ্লীল ভিডিও ও ছবি পাওয়া গেছে।

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম জানান, পুলিশের রেকর্ড ও পিসিপিআর যাচাই করে কালা মিয়া বেপারী ওরফে কালাম মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর