Cvoice24.com

সিইপিজেডে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা, গ্রেপ্তার ৪

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:৪০, ১৯ আগস্ট ২০২৬
সিইপিজেডে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বেপজা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আটক এক চোরকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত থেকে বুধবার (১৯ আগস্ট) ভোর পর্যন্ত ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— আসলাম শেখ (২৪), আব্দুল কাইয়ুম (৩২), মো. রাশেদ (৩৮) ও মো. রাসেল আলামিন (২৯)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর।

পুলিশ জানায়, সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিইপিজেডের মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে একদল চোর প্রবেশ করেছে—এমন খবর পেয়ে বেপজার নিরাপত্তারক্ষীরা সেখানে যান। এ সময় তারা আসলাম শেখকে আটক করেন।

পরে আসলাম শেখকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার পথে বেপজা সিকিউরিটি গেটের প্রায় ২০ মিটার উত্তর-পূর্বে বিডি অ্যাপারেলসের গেটের সামনে একটি দল গাড়িটির গতিরোধ করে।

পুলিশ আরও জানায়, ওই সময় হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং আটক আসলাম শেখকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে নিরাপত্তারক্ষীদের মারধর করে এবং গাড়ি ভাঙচুর করে আসলাম শেখকে জোর করে ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলায় আসলাম শেখ, আব্দুল কাইয়ুম, মো. রাশেদ, মো. রাসেল আলামিন, মো. শাহ জালাল (২৭), মো. রাকিব (২৬), মো. আলাল খাঁন (২৭), আকাশ বিশ্বাস (২৪) ও মো. সবুজ হোসেন (৩৪) এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

সিএমপির সহকারী কমিশনার আমিনুর বলেন, মামলার পর মঙ্গলবার রাতে ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর