Cvoice24.com

বেসরকারি খাতে জ্বালানি আমদানির নীতিমালার প্রতিবাদে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের বিক্ষোভ

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:২৩, ১৮ আগস্ট ২০২৬
বেসরকারি খাতে জ্বালানি আমদানির নীতিমালার প্রতিবাদে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের বিক্ষোভ

বেসরকারি পর্যায়ে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের খসড়া নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সভা করেছে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় নেতারা বলেন, বেসরকারি খাতে জ্বালানি আমদানি ও বিপণনের সুযোগ দেওয়া হলে দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

সিবিএর সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বেসরকারিভাবে জ্বালানি আমদানি ও বিপণনের প্রস্তাব দেশের জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। দেশের গুরুত্বপূর্ণ এই খাতকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে জিম্মি করার কোনো উদ্যোগ নেওয়া হলে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন ও বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের নেতৃত্বে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সিবিএর সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো লাভজনক হওয়া সত্ত্বেও বেসরকারিভাবে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি আমদানি, পরিশোধন, বিতরণ ও বিপণনের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, একনেকে অনুমোদিত ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হলে বিপিসির মাধ্যমে দেশের বর্তমান জ্বালানি চাহিদা সরকারিভাবে পূরণের সক্ষমতা আরও বাড়বে। এতে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।

আবদুর রহমান আরও বলেন, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন ছাড়া বেসরকারি রিফাইনারিকে অপরিশোধিত জ্বালানি আমদানি ও পরিশোধনের অনুমোদন দেওয়ার কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না। জ্বালানি নিরাপত্তার স্বার্থে নতুন কোনো জটিলতা সৃষ্টি না করে সরকার ও জ্বালানি বিভাগের প্রতি বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান তিনি।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন আবু মোহাম্মদ নোমান, জাহেদুল আলম, আবু নাঈম সুজন, আবদুর রহিম, আশরাফুল মাওলাসহ সিবিএর অন্যান্য নেতৃবৃন্দ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর