ভারী বৃষ্টিতে চবির দুই শাটল আটকা, পরে যা জানা গেল
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
টানা ভারী বৃষ্টিতে রেললাইনে পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি শাটল ট্রেন মহানগরের ষোলশহর স্টেশনে আটকে পড়েছিল। পরে পানি কমে যাওয়ায় ট্রেন দুটির চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে ষোলশহর স্টেশন ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৃষ্টিতে রেললাইনে অতিরিক্ত পানি ওঠায় ষোলশহরে ট্রেন আটকে পড়েছিল। পানি কমে যাওয়ায় এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ১২টা ৩৫ মিনিটের দিকে ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে গেছে।’
এর আগে সোমবার সকালে মহানগরের বটতলী রেলস্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে দুটি শাটল ট্রেন ছেড়ে যায়। তবে রেললাইনে পানি জমে থাকায় ট্রেন দুটি ষোলশহর স্টেশনে গিয়ে আটকে পড়ে।
এতে ভোগান্তিতে পড়েন ট্রেনে থাকা শিক্ষার্থীরা। পরে আটকে পড়া শিক্ষার্থীদের অনেকে বাসে করে ক্যাম্পাসে যান। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের ক্লাসও স্থগিত করা হয়েছিল।
ক্যাম্পাস সব খবর















