চুয়েটে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাউজান প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, শিক্ষার্থীদের আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কিউ. কে. হলের প্রভোস্ট অধ্যাপক ড. এম. কে. মোহাম্মদ জিয়াউল হায়দার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, কর্মচারী সমিতির সভাপতি মো. জামাল উদ্দীন এবং শিক্ষার্থীদের পক্ষে সিএসই বিভাগের শিক্ষার্থী আদিল রায়হান ও ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও কাউন্সিল শাখার সেকশন অফিসার মীর মোহাম্মদ রাতুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, ইতিহাসের কিছু বাঁকবদল তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে আসে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে তেমনই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।
ক্যাম্পাস সব খবর















