Cvoice24.com

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

উখিয়া- টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৩৫, ৫ আগস্ট ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় আরও দুটি আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে এসব ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, দুপুর ২টার দিকে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৫ ব্লকে একটি আশ্রয়কেন্দ্রের ওপর পাহাড়ধস হয়। এতে জমির হোসেনের ছেলে নুনু জিয়া (৮) মাটিচাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সৈয়দ করিম বলেন, টানা বৃষ্টির কারণে পাহাড়ধসে শিশুটির মৃত্যু হয়েছে। ক্যাম্প প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

এর আগে একই দিন দুপুর ২টা ১০ মিনিটের দিকে অতিবৃষ্টির কারণে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৮ ও এম-৩২ ব্লকে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে দুটি আশ্রয়কেন্দ্র বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত আশ্রয়কেন্দ্র দুটির বাসিন্দা মো. সাবের ও হালিমাকে নিরাপত্তার স্বার্থে নিকটস্থ আশ্রয়কেন্দ্র ও স্বজনদের বাসায় সরিয়ে নেওয়া হয়েছে।