উখিয়ায় পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ভোর সোয়া ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নারঘোনা মরাগাছতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত হাফেজ শফিক (১৯) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলির মধ্যে দুটি তাজা ও একটি আঘাতপ্রাপ্ত এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফেজ শফিক অস্ত্র বহনের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা নিতে তাকে উদ্ধার করা আলামতসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের দাবি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজার সব খবর















