Cvoice24.com

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা

পেকুয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:১৩, ৫ আগস্ট ২০২৬
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিত ওয়াসিম আকরামের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে পেকুয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মেহেরনামা মুরারপাড়া এলাকায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান এবং বীর মুক্তিযোদ্ধা রমিজ আহমদ।

এ ছাড়া উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ ওয়াসিম আকরামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে প্রাণ হারান পেকুয়া উপজেলার কৃতি সন্তান ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিত।