Cvoice24.com

রোহিঙ্গা ক্যাম্পে বাবার অস্ত্রের গুলিতে শিশু আহত

উখিয়া- টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৫২, ৫ আগস্ট ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বাবার অস্ত্রের গুলিতে শিশু আহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বাবার হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুর মবিনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুতুপালং বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-২ (ওয়েস্ট)-এর ই-০৬ ব্লকে এ ঘটনা ঘটে। 

আহত শিশুর নাম মোহাম্মদ আরমান। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুর মবিন নিজ শেডে থাকা অবস্থায় তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে অসাবধানতাবশত একটি গুলি বের হয়। সেটি তাঁর ছেলে আরমানের পেটে লাগে।

পুলিশ জানায়, ঘটনার পর আব্দুর মবিন দাবি করেছিলেন, আরসা সদস্যদের হামলায় তিনি ও তার ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে তার শরীরে গুলিবিদ্ধ হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশের ধারণা, নিজের দায় এড়াতেই তিনি এমন দাবি করেছিলেন।

এপিবিএন জানায়, ঘটনার পর এমএসএফ হাসপাতালের সামনে থেকে আব্দুর মবিনকে আটক করা হয়। তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে তল্লাশি চলছে।

মোহাম্মদ সিরাজ আমীন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।