Cvoice24.com

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রামগড়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৪০, ৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রামগড়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

অনুষ্ঠানে বক্তব্য দেন জুলাই শহীদ আব্দুল মজিদের বাবা মতিন মিয়া, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং সাংবাদিক করিম শাহসহ অন্যরা।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এর আগে, উপজেলা প্রশাসনের উদ্যোগে নাকাপাড়া এলাকায় জুলাই শহীদ আব্দুল মজিদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, রামগড় পৌরসভা, উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পাহাড় সব খবর