Cvoice24.com

রাঙামাটিতে মায়ের দা’র কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
২১:৩৬, ২৫ জুলাই ২০২৬
রাঙামাটিতে মায়ের দা’র কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার আসামবস্তী মির্জা টিলায় মায়ের ধারালো অস্ত্রের আঘাতে সাকিবুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাকিবুল ইসলাম ওই এলাকার বাসিন্দা ও সিএনজিচালিত অটোরিকশাচালক রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার মা রেখা ইসলাম ধারালো অস্ত্র (দা) দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফুহাদ হাসান খান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই সাকিবুল ইসলামের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ঘটনার পর নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
 

পাহাড় সব খবর