Cvoice24.com

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
১৫:১২, ২৫ জুলাই ২০২৬
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। এই ঘোষণা আসে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তৃতীয় দফার বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে।

এক মাসেরও বেশি সময় ধরে নয়াদিল্লির জন্তর মন্তরে আন্দোলন চালিয়ে আসা শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শেষ পর্যন্ত তার এই সিদ্ধান্তকে আন্দোলনের একটি বড় অর্জন হিসেবে দেখছে আন্দোলনকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) শুরু থেকেই জানিয়ে আসছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনায় অগ্রগতি সম্ভব নয়। শনিবারও তৃতীয় দফার বৈঠকের আগে দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এর আগে, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁস–সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে ইতিবাচক অবস্থান নেয়। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে তখন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সিজেপির তিন দফা দাবির মধ্যে ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়া।

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং চলমান পরিস্থিতির সুযোগ যেন কোনো অপশক্তি নিতে না পারে, সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সংকট মোকাবিলায় তিনি দায়িত্ব এড়িয়ে যাননি।