Cvoice24.com

দীঘিনালায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার পেল নগদ অর্থ ও সুরক্ষা সামগ্রী

দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৫৭, ২৫ জুলাই ২০২৬
দীঘিনালায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার পেল নগদ অর্থ ও সুরক্ষা সামগ্রী

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে এ উপকরণ বিতরণ করা হয়। 

জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে সহায়তা দিয়েছে ইউকে এইড, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা), নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, জার্সি ওভারসিজ এইড, জার্সি সরকারের অলাভজনক অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠান এবং কনরাড এন. হিলটন ফাউন্ডেশন। কারিগরি সহায়তা দিয়েছে স্টার্ট ফান্ড বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম। জাবারাং কল্যাণ সমিতির টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী সম্পাদক মথুরা বিকাশ ত্রিপুরা, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা এবং দীঘিনালা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. মনোয়ারা বেগম।

আলোচনা সভা শেষে কবাখালী ইউনিয়নের তথ্যসংগ্রহকারীদের মাধ্যমে মোবাইল অ্যাপের তথ্য যাচাইয়ের ভিত্তিতে নির্বাচিত ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে শর্তহীনভাবে ৮ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

এ ছাড়া প্রতিটি পরিবারকে একটি স্বাস্থ্যসুরক্ষা প্যাকেজ দেওয়া হয়। এতে ছিল ২০ লিটারের একটি বালতি, একটি মগ, দুটি গোসলের সাবান, ২ কেজি ডিটারজেন্ট, ১০ প্যাকেট খাবার স্যালাইন, ৬ লিটার বিশুদ্ধ পানি, একটি নেইল কাটার এবং নারীদের জন্য ১০টি স্যানিটারি ন্যাপকিন।

পাহাড় সব খবর