Cvoice24.com

পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ প্রতিপাদ্যে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি
ডেঙ্গু ঠেকাতে বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখার আহ্বান

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:২৯, ২৫ জুলাই ২০২৬
ডেঙ্গু ঠেকাতে বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখার আহ্বান

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সরকার ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

তিনি বলেন, ‘শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য প্রতিটি মানুষকে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।’

শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, পরিচ্ছন্ন শহর, সবুজ নগর, প্রফুল্ল মন, সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

কোর্ট হিলস্থ বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গণে ঝাড়ু হাতে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

কর্মসূচিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোছাম্মৎ রাশেদা আক্তার, সিনিয়র সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘বর্তমানে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ রোগ প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও সমানভাবে প্রয়োজন। প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ জমে থাকা পানিতেই এডিস মশা বংশবিস্তার করে।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পরিচালনা করতে হবে।’