আনোয়ারায় চুরি হওয়া সিএনজি নগরে উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ২
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারায় চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের কথিত মূলহোতাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. এরশাদ (৩৮) ও শামীম হোতামিম (৩০)। পুলিশের দাবি, এরশাদ চোর চক্রের মূলহোতা এবং শামীম তার সহযোগী।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ শেরশাহ কলোনি ও বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ জুলাই রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের একপর্যায়ে ২৪ জুলাই নগরের বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার হওয়া এরশাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় সিএনজি চুরি ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর











