Cvoice24.com

অপূর্ণ প্রেমের গল্প 
তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

বিনোদন ডেস্ক
১৮:৫৬, ২৫ জুলাই ২০২৬
তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। প্রেম, সম্পর্ক কিংবা সংসার—এসব বিষয়ে খুব কমই কথা বলেন তিনি। তবে দীর্ঘদিন পর এক টেলিভিশন অনুষ্ঠানে জীবনের এক অপূর্ণ ভালোবাসার গল্প শোনালেন এই অভিনেতা। তার এই অকপট স্বীকারোক্তি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি একটি টক শোতে অভিনেত্রী পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় উঠে আসে শাকিব খানের অতীত প্রেমের প্রসঙ্গ। অনুষ্ঠানে পূর্ণিমা জানান, অভিনয় জীবনের শুরুর দিকে গুলশানের এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন শাকিব। এমনকি তাকেই বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন তিনি।

পূর্ণিমার কথার জবাবে শাকিব খান সম্পর্কের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম।’

অতীতের সেই সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেতা। তিনি বলেন, ‘মাঝেমধ্যে একা একা বসে ভাবি, আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম। সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’

একপর্যায়ে পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে এখনো মনে পড়ে কি না। জবাবে শাকিব বলেন, ‘আমি এখনো তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি, কেন এমন হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায়, তখন হয়তো এমনটাই হয়।’

শাকিব আরও জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ওই তরুণীর বাড়ি ছিল তাঁর বাসার কাছাকাছি। তখন তাঁর ইচ্ছা ছিল সেই মানুষটির সঙ্গেই সংসার গড়ার।

তবে সেই তরুণীর পরিচয় প্রকাশ করেননি শাকিব খান। শুধু বলেছেন, ‘সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’