পাথরঘাটায় যাত্রীকে ছুরির ভয় দেখিয়ে ছিনতাই, গ্রেপ্তার ১
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের পাথরঘাটায় অটোরিকশার এক যাত্রীকে ছুরির ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মনির হোসেন (৩৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালী থানার পাথরঘাটার ১৬ নম্বর সতিশ বাবুর লেইনে মজিবুর রহমানের ষষ্ঠ তলা ভবনের সামনে সড়কে এক অটোরিকশাযাত্রীর গতিরোধ করে তিন ছিনতাইকারী। এ সময় ছুরির ভয় দেখিয়ে ওই যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয় তারা।
পরে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মনির। তিনি তার দুই সহযোগীর নাম-ঠিকানাও জানিয়েছেন। তারা বর্তমানে পলাতক রয়েছেন। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।
সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, মনির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করা হয়। আজ রবিবার গ্রেপ্তার মনির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














