হালিশহরে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে গণস্বাক্ষর
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম মহানগরের হালিশহর নিউ এ ব্লকের সরকারি আরবান ডিসপেনসারিকে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতালে রূপান্তরের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হালিশহর বি-ব্লকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রেড ভলেন্টিয়ার, হালিশহর থানার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে দাবির প্রতি সমর্থন জানিয়ে গণস্বাক্ষর করেন। আয়োজকেরা জানান, কর্মসূচির প্রথম দুই ঘণ্টায় দুই শতাধিক মানুষ গণস্বাক্ষর করেছেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, হালিশহর নিউ এ ব্লকের সরকারি আরবান ডিসপেনসারিটি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এলাকার বিপুলসংখ্যক মানুষের তুলনায় এখানে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সীমিত। ফলে অনেককেই চিকিৎসার জন্য দূরের সরকারি-বেসরকারি হাসপাতালে যেতে হয়।
বক্তারা বলেন, হালিশহর ও আশপাশের এলাকার ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনায় নিয়ে বিদ্যমান আরবান ডিসপেনসারিটিকে প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক, নার্স, ওষুধ ও অন্যান্য চিকিৎসাসুবিধা সংযুক্ত করে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতালে রূপান্তর করা প্রয়োজন।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। হালিশহরের বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত আরবান ডিসপেনসারিটিকে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতালে উন্নীত করার উদ্যোগ নেওয়া দরকার।
আয়োজকেরা জানান, গণস্বাক্ষর সংগ্রহের পর স্থানীয় মানুষের এ দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। পাশাপাশি হাসপাতাল রূপান্তরের দাবিতে ধারাবাহিকভাবে জনসম্পৃক্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













