রিয়াদে আরামকোর জ্বালানি ট্যাংকে আগুন, ফ্লাইট চলাচলে বিঘ্ন
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে। এর আগে ওই এলাকায় একটি ড্রোন আঘাত হানার খবর জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।
ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি ঘটনাস্থল থেকে আরামকোর জ্বালানি ট্যাংকে আগুন জ্বলতে দেখেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার আগে তারা রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।
আরামকো বা সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টা করতে দেখা গেছে।
এর আগে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মনুষ্যবিহীন ড্রোন আঘাত হানার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। এ ঘটনার পর বিমানবন্দরের কাছে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পরে বিমানবন্দর থেকে বেশ কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বাতিল বা বিলম্বিত করা হয়।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। ফ্লাইটরাডার২৪-এর ‘ফ্লাইট ডিসরাপশন ইনডেক্স’-এ বিমানবন্দরটির স্কোর ছিল ৫.০, যা ফ্লাইট বাতিল ও বিলম্বের বড় ধরনের সমস্যার ইঙ্গিত দেয়।
তবে ড্রোন আঘাতের সঙ্গে জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
অন্যদেশ সব খবর















