সালমান শাহর জন্মদিনে স্মৃতিকাতর শাবনূর, ফিরে গেলেন নব্বইয়ের দশকে
বিনোদন ডেস্ক
একটি পুরোনো গান, সিনেমার কোনো দৃশ্য কিংবা ছবির ফ্রেম—কখনো কখনো মুহূর্তেই মানুষকে ফিরিয়ে নেয় বহু বছর আগের স্মৃতিতে। সালমান শাহর জন্মদিনেও যেন তেমনই নস্টালজিয়ায় ডুব দিলেন শাবনূর। প্রিয় সহশিল্পীকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে নব্বইয়ের দশকের সেই সোনালি দিনগুলোর কথা তুলে ধরেছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মবার্ষিকী। বিশেষ এই দিনে প্রিয় সহশিল্পীকে শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে।’
সালমান শাহর সঙ্গে শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে শাবনূর তুলে ধরেছেন তার মানবিক দিকটিও।
অভিনেত্রীর ভাষায়, শুটিং সেটে সালমান শুধু জনপ্রিয় নায়ক ছিলেন না, ছিলেন অসাধারণ হৃদয়ের একজন মানুষ। ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই ছোট করে দেখতেন না তিনি। আশপাশের মানুষের প্রতি তাঁর সম্মান ও আন্তরিকতার কথাও স্মরণ করেছেন শাবনূর।
সালমান শাহর পুরোনো গান কিংবা সিনেমার দৃশ্য এখনো শাবনূরকে ফিরিয়ে নেয় সেই সোনালি সময়ে। তিনি লিখেছেন, ‘পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে।’
সালমানের মানুষের খোঁজ নেওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং আপন করে যত্ন নেওয়ার স্মৃতিও তুলে ধরেছেন শাবনূর। তার মতে, সালমানের সুন্দর মন ও মানবিকতাই তাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।
প্রিয় সহশিল্পীর স্মৃতিচারণের পাশাপাশি ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতিও বিশেষ অনুরোধ জানিয়েছেন শাবনূর। সালমান শাহকে নিয়ে কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন তিনি।
শাবনূর লিখেছেন, একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি সবার শ্রদ্ধা ও সম্মান অটুট থাকা উচিত। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষদিকে সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করে শাবনূর লিখেছেন, ‘মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।’
নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটি বেঁধে ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’ ও ‘আনন্দ অশ্রু’র মতো সিনেমায় অভিনয় করেছেন।
পর্দায় তাদের সেই জুটি একসময় দর্শকদের মধ্যে তৈরি করেছিল ব্যাপক সাড়া। সময় পেরিয়ে গেলেও তাদের অভিনীত সিনেমা ও সেই সময়ের স্মৃতি এখনো বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে আলাদা আবেগের জায়গা হয়ে আছে।ৎ
বিনোদন সব খবর















