বিদ্যুৎ নেই, ব্যবসা বন্ধ
লোহাগাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন
লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের লোহাগাড়াসহ সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় ও ব্যবসায়িক ক্ষয়ক্ষতি নিরসনে জরুরি ভিত্তিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী নজরুল ইসলাম, এনসিপির লোহাগাড়া উপজেলা শাখার সাবেক সদস্য সচিব রিদুয়ান রায়হান, ফ্রিল্যান্সার জাহেদুল ইসলাম ও তরুণ উদ্যোক্তা বোরহান উদ্দিনসহ অনেকে।
বক্তারা বলেন, লোহাগাড়ায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র শিল্প ও অনলাইনভিত্তিক বিভিন্ন কার্যক্রমে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা বলেন, বিদ্যুৎ সরবরাহে সাময়িক ত্রুটি কিংবা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে গ্রাহকদের আগাম জানানো উচিত। একই সঙ্গে অযৌক্তিক ও দীর্ঘস্থায়ী লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে লোহাগাড়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণ চিহ্নিত করে দ্রুত সমাধান এবং ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, জনদুর্ভোগ ও ব্যবসায়িক ক্ষতি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












