Cvoice24.com

ইরানে হামলার কয়েক ঘণ্টার পরই মার্কিন ঘাঁটিতে পাল্টা জবাব

আন্তর্জাতিক ডেস্ক
১৩:৩৬, ৩১ আগস্ট ২০২৬
ইরানে হামলার কয়েক ঘণ্টার পরই মার্কিন ঘাঁটিতে পাল্টা জবাব

দক্ষিণ ইরানের লরাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসি জানিয়েছে, জর্ডানে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘আগ্রাসীকে শাস্তি’ নামে পরিচালিত যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে জর্ডানের কিং হুসেইন ও আল-আজরাক সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়।

ইরানি বাহিনীর দাবি, হামলায় ঘাঁটি দুটির কারিগরি ও মেরামত অবকাঠামো এবং মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের স্থানগুলো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এতে মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।

তবে ইরানের এই দাবির বিপরীতে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার (৩১ আগস্ট) ভোরে দেওয়া এক বিবৃতিতে জর্ডানের সেনাবাহিনী এ তথ্য জানায়। এখন পর্যন্ত এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে রবিবার দক্ষিণ ইরানের লরাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর তেহরান পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। এর কয়েক ঘণ্টার মধ্যেই জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করল আইআরজিসি।

ইরানি বাহিনী বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের ‘আগ্রাসন বা অপরাধ’ চালিয়ে হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ দুর্বল করা যাবে না। একই সঙ্গে ভবিষ্যতে ইরানের ওপর হামলা হলে আরও ‘ধ্বংসাত্মক জবাব’ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

এদিকে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে বাড়ছে উদ্বেগ।