Cvoice24.com

সড়ক-ফুটপাত দখল, দেওয়ানহাটে ৪০ দোকান উচ্ছেদ

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:৪২, ৩১ আগস্ট ২০২৬
সড়ক-ফুটপাত দখল, দেওয়ানহাটে ৪০ দোকান উচ্ছেদ

নগরের দেওয়ানহাট পোস্তারপাড় মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় অপরিচ্ছন্নতা ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে ১৪ হাজার টাকা এবং মশার লার্ভা উৎপাদনের অনুকূল পরিবেশ তৈরির দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।

তথ্যটি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, 'দেওয়ানহাট পোস্তারপাড় মোড়ের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।'

তিনি আরও বলেন, 'অপরিচ্ছন্নভাবে দোকান পরিচালনা ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে পাঁচজনের বিরুদ্ধে মামলা করে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মশার লার্ভা উৎপাদনে অনুকূল পরিবেশ সৃষ্টি করে জনজীবন ঝুঁকিপূর্ণ করার দায়ে একজনের বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'