Cvoice24.com

নোয়াজিষপুরে আজিমুশশান মিলাদ মাহফিল, মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান

সিভয়েস২৪ ডেস্ক
১১:০৭, ৩০ আগস্ট ২০২৬
নোয়াজিষপুরে আজিমুশশান মিলাদ মাহফিল, মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের রাউজানে দিনব্যাপী আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ, দরুদ ও নাতে রাসুলের আয়োজনে ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে উপজেলার নোয়াজিষপুরের ফতে মোহাম্মদ সিকদার বাড়ি বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণ। এতে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

শুক্রবার (২৮ আগস্ট) ফতে মোহাম্মদ সিকদার বাড়ি বায়তুল ফালাহ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

উদযাপন কমিটির আহ্বায়ক ও সমাজসেবক মোহাম্মদ আলী সিকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আল আকসা ইন্টারন্যাশনাল মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা মঈনুদ্দিন আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা সাজ্জাদুর রহমান ও মাওলানা শাফায়াত উল্লাহ।

মাহফিলে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। মহানবীর শিক্ষা অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

মাহফিলে উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার, সদস্যসচিব আবদুল মোতালেব শাকু, নাছির সিকদার, বখতেয়ার সিকদার, মোহাম্মদ বাবলু সিকদার, নেজাম সিকদার, হানিফ সিকদার, আশরাফ সিকদার, রায়হান সিকদার, সামির সিকদার, আবদুল হাকিম সিকদার, মুনতাছির সিকদার, তানভীর সিকদার, তাছিন সিকদার, মাহির সিকদার, জিসান সিকদার, জামী সিকদার, রাফি সিকদার, মুকতাছিম, মুকতাকিম ও সাঈদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে মিলাদ, দরুদ ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে পুরো মসজিদ মাঠ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।