জিমনেশিয়াম সংস্কার ও নারী হলে জিম স্থাপনের দাবি চাকসুর
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় জিমনেশিয়ামের সংস্কার ও আধুনিকায়ন, নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে পৃথক জিমনেশিয়াম স্থাপন এবং আধুনিক ক্রীড়া সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
সম্প্রতি জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে এসব দাবি জানান চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের বর্তমান সংকট ও শিক্ষার্থীদের ক্রীড়া সুবিধার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আবেদনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেশিয়াম সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলোতে পৃথক জিমনেশিয়াম স্থাপনের দাবি জানানো হয়। একই সঙ্গে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম সরবরাহের কথাও উল্লেখ করা হয়।
সাক্ষাৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় অবদানের বিষয়টিও তুলে ধরা হয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের সাফল্য এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে তাদের অংশগ্রহণের বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরেন চাকসুর এজিএস।
আইয়ুবুর রহমান তৌফিক বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। এজন্য কেন্দ্রীয় জিমনেশিয়ামের আধুনিকায়নের পাশাপাশি নারী হলগুলোতে পৃথক জিমনেশিয়াম স্থাপন করা প্রয়োজন।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম ও ক্রীড়া কার্যক্রমের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বিষয়ে ১৫ লাখ টাকার বেশি বাজেটের একটি প্রস্তাব দেওয়া হয়েছে।
ক্যাম্পাস সব খবর















