লালদিয়া টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং শুরু
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের গ্রাউন্ড ব্রেকিং (উদ্বোধন) অনুষ্ঠান শুরু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে লালদিয়া কনটেইনার টার্মিনাল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
বন্দর সূত্রে জানা গেছে, লালদিয়া কনটেইনার টার্মিনালের মূল অংশ নির্মিত হবে ৩২ একর জায়গায়। এর সঙ্গে ৭ দশমিক ১৫ একর কনটেইনার ইয়ার্ড এবং ১০ একর ট্রাক পার্কিং ও প্রি-গেট সুবিধা যুক্ত হবে। সব মিলিয়ে ৪৯ দশমিক ১৫ একর জমিতে গড়ে উঠবে পুরো টার্মিনাল।
টার্মিনালে ৬১৬ মিটার দীর্ঘ জেটির মাধ্যমে কনটেইনার হ্যান্ডলিং করা হবে। এর বার্ষিক সক্ষমতা হবে প্রায় ৮ লাখ টিইইউএস (২০ ফুট সমমানের কনটেইনার)। প্রকল্পটিতে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে। এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) বিনিয়োগ প্রকল্প বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রকল্পটি নির্মাণে সময় নির্ধারণ করা হয়েছে তিন বছর। নির্মাণ শেষে ২০৩০ সাল থেকে পরবর্তী ৩০ বছর টার্মিনালটি পরিচালনা করবে ডেনিশ কোম্পানি এপিএম টার্মিনালস। চুক্তির শর্ত পূরণ ও যথাযথভাবে পালন করা হলে পরিচালনার মেয়াদ আরও ১৫ বছর বাড়ানোর সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে সব মিলিয়ে সর্বোচ্চ ৪৮ বছর পর্যন্ত টার্মিনাল পরিচালনার সুযোগ পেতে পারে প্রতিষ্ঠানটি।
গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে চট্টগ্রামের স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ, শাহজাহান চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামানসহ এপিএম টার্মিনালস ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, কর্ণফুলী নদীর মোহনার কাছে লালদিয়া চরে চট্টগ্রাম বন্দরের নতুন এই টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। লালদিয়া চর থেকে গুপ্তবাঁক পার হলেই পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি), যা পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)। এর আরও ৭ থেকে ৯ কিলোমিটার উজানে রয়েছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি)।
লালদিয়া টার্মিনাল নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে ২০২১ সালের জুনে বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। পরে ২০২৩ সালের ২১ মে এপিএম টার্মিনালস লালদিয়া টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয়। একই বছরের ২৯ নভেম্বর প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদন দেয়।
এরপর ২০২৪ সালের ৩ জানুয়ারি বাংলাদেশ-ডেনমার্ক পিপিপি জয়েন্ট প্ল্যাটফর্মের সভায় প্রকল্পটি উপস্থাপন করা হলে ডেনমার্ক সরকারের পক্ষে এপিএম টার্মিনালস প্রকল্পটি বাস্তবায়নের জন্য গ্রহণ করে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













