সাতকানিয়ায় ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে যাওয়ার সময় পথরোধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেল নিয়ে পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকার একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন জাহেদ। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিকবার কোপানো হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জাহেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র জানায়, চলতি বছরের শুরুতে জননিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগরে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ৩৩০ জন দুষ্কৃতকারীর তালিকায় এক নম্বরে ছিলেন জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ জাহেদকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন তিনি। এর কয়েক মাসের মধ্যেই হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি।
পুলিশের একটি সূত্র বলছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অপরাধজগতের সঙ্গে জাহেদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। মাদক ও অস্ত্রের কারবার, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা অপরাধী গ্রুপের বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














